Skip to main content

Posts

Showing posts with the label কবিতা

যাহা চাই তাহা ভুল করে চাই ...যাহা পাই তাহা চাই না

তুমি আমি হেঁটে যাই পাশাপাশি সমান্তরাল রেল লাইনের মত; হয়তো আবার দেখা হবে শূণ্যে অথবা অসীমে যেখানে শোনা যায় না হদয় ভাঙ্গার আর্তনাদ; যাহা চাই তাহা ভুল করে চাই ...যাহা পাই তাহা চাই না। পাশ করার পর মনে হয়েছিলো , আমি চাইলে আকাশ ছুঁতে পারি। আকাশের মেঘ গুলো আমার  পায়ে লুটায়। আমি তারো উপরে। নিজের পছন্দের ইন্ডাস্ট্রিতে, সবচেয়ে  ক্ষমতাশীল দলের হয়ে কাজ শুরু করেছিলাম। আমেরিকার  তৈল রাজধানী হিউস্টোনে এসেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। তরুণ কর্মজীবীদের জন্য আদর্শ শহর।  স্বপ্ন সত্যি করার মত যোগত্যা আমার আছে। তিন মাসের মধ্যে আনেক অভিজ্ঞ লোকওকে ডিঙ্গিয়ে প্রোমোশনো পেয়ে গেছি। হয়তো এখানেই থেকে যেতে হবে আরো কিছুদিন। এরমাঝে ব্যক্তিগত জীবনেও অনেক পরিবর্তন এসেছে। আমি থেকে আমরা হয়েছি।  চাইলেই নতুন শহরে আবাস গড়ার বিলাসিতা হারিয়ে গেছে। ঢুকে গেছে অনেক হিসাব নিকাশ, ভালো মন্দ। পুরনো শহরে ফেরত যাওয়ার ইচ্ছা অনেক ... কিন্তু সম্ভবনা কম। সময় গুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে।  একটা সমস্যার সমাধানের হাত ধরে পরের সমস্যা এসে হাজির হচ্ছে।  জীবনের রিলে রেসে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত লাগে আজকাল। আমি...

স্টেশন ভাসিয়ে বৃষ্টি

মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি রাজপথ ধ’রে ক্রমাগত সাইকেল ঘন্টির মতো চলে গেছে, পথিক সাবধান… শুধু স্বেচ্ছাচারী আমি, হাওয়া আর ভিক্ষুকের ঝুলি যেতে-যেতে ফিরে চায়, কুড়োতে-কুড়োতে দেয় ফেলে যেন তুমি, আলস্যে এলে না কাছে, নিছক সুদূর হয়ে থাকলে নিরাত্মীয় ; কিন্তু কেন? কেন, তা জানো না। মনে পড়বার জন্য? হবেও বা । স্বাধীনতাপ্রিয় ব’লে কি আক্ষেপ? কিন্তু বন্দী হয়ে আমি ভালো আছি। তবু কোনো খর রৌদ্রে, পাটকিলে কাকের চেরা ঠোঁটে তৃষ্ণার চেহারা দেখে কষ্ট পাই, বুঝে নিতে পারি জলের অভাবে নয়, কোন টক লালার কান্নায় তার মর্মছেঁড়া ডাক; কাক যেন তোমারই প্রতীক রূপে নয়, বরং স্বভাবে – মনে পড়ে, মনে পড়ে যায় কোথায় বিমূঢ় হয়ে বসে আছো হাঁ-করা তৃষ্ণায়! -শক্তি চট্টোপাধ্যায়

মনে মনে বহুদূর চলে গেছি

মনে মনে বহুদূর চলে গেছি-  যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয় জন্মেই হাঁটতে হয়। হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি। পথ তো একটা নয় –- তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা। নদীর দু – প্রান্তের মূল একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য। দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোড়ন – দুটো জন্মই লাগে। মনে মনে দুটো জন্মই লাগে । - শক্তি চট্টোপাধ্যায়

এবারই প্রথম তুমি....

এবারই প্রথম তুমি ভুলে যাও তুমি পূর্বেও ছিলে মনে করো এই বিশ্ব নিখিলে এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কোথাও ছিলে না ছিলে না আকাশে, নদী জলে ঘাসে ছিলে না পাথরে ঝর্ণার পাশে৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি কিছুতে ছিলে না৷ ফুলেও ছিলে না, ফলেও ছিলে না নাকে মুখে চোখে চুলেও ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি এখানে ছিলে না এর আগে তুমি সেখানে ছিলে না এর আগে তুমি কোথাও ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ রাতের পুণ্য লগনে ছিলে না নীল নবঘন গগনে ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ এর আগে তুমি তুমিও ছিলে না৷ এবারই প্রথম তুমি৷ -নির্মলেন্দু গুণ

দেখা

-ভালা আছো? -দেখো মেঘ, বৃষ্টি আসবে? -ভালো আছো? -দেখো ঈশান কোণের কালো, শুনতে পাচ্ছো ঝড়? -ভালো আছো? -এই মাত্র চমকে উঠলো ধবধবে বিদ্যুৎ। -ভালো আছো? -তুমি প্রকৃতিকে দেখো -তুমি প্রকৃতিকে আড়াল করে দাঁড়িয়ে রয়েছো -আমি তো অণুর অণু, সামান্যের চেয়েও সামান্য -তুমিই তো জ্বালো অগ্নি, তোলো ঝড়, রক্তে এত উম্মাদনা -দেখো সত্যিকার বৃষ্টি, দেখো সত্যিকার ঝড় -তোমাকে দেখাই আজও শেষ হয়নি, তুমি ভালো আছো?       - সুনীল গঙ্গোপাধ্যায় ছবি কৃতজ্ঞতা  

সত্যবদ্ধ অভিমান

সত্যবদ্ধ অভিমান এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি ? শেষ বিকেলের সেই ঝুল বারান্দায় তার মুখে পড়েছিল দুর্দান্ত সাহসী এক আলো যেন এক টেলিগ্রাম, মুহূর্তে উন্মুক্ত করে নীরার সুষমা চোখে ও ভুরুতে মেশা হাসি, নাকি অভ্রবিন্দু ? তখন সে যুবতীকে খুকি বলে ডাকতে ইচ্ছে হয়– আমি ডান হাত তুলি, পুরুষ পাঞ্জার দিকে মনে মনে বলি, যোগ্য হও, যোগ্য হয়ে ওঠো– ছুঁয়ে দিই নীরার চিবুক এই হাত ছুঁয়েছে নীরার মুখ আমি কি এ হাতে আর কোনোদিন পাপ করতে পারি ? এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি– এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায় ? সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে পড়ে ভীষণ জরুরী কথাটাই বলা হয়নি লঘু মরালীর মতো নারীটিকে নিয়ে যাবে বিদেশী বাতাস আকস্মিক ভূমিকম্পে ভেঙ্গে যাবে সবগুলো সিঁড়ি থমকে দাঁড়িয়ে আমি নীরার চোখের দিকে…. ভালোবাসা এক তীব্র অঙ্গীকার, যেন মায়াপাশ সত্যবদ্ধ অভিমান–চোখ জ্বালা করে ওঠে, সিঁড়িতে দাঁড়িয়ে এই ওষ্ঠ বলেছে নীরাকে, ভালোবাসি– এই ওষ্ঠে আর কোনো মিথ্যে কি মানায় ? - সুনীল গঙ্গোপাধ্যায়

যাত্রা-ভঙ্গ

হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না এক কে করি দুই৷ হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি৷ তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সমুখে পথ নাই৷ তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জাড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে৷ নায়ের মাঝে বসব বটে, না-এর মাঝে শোবো৷ হাত দিয়েতো ছোঁবো না মুখ, দু:খ দিয়ে ছোঁবো৷ তুই কেমন করে যাবি? -নির্মলেন্দু গুণ

অমলকান্তি - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

অমলকান্তি আমার বন্ধু, ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হত আমাদের। আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সে সব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল! ক্ষান্তবর্ষণে কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামফলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, ‘উঠি তাহলে’। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না। অথচ সকলেরি ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি, রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।। বহুদিন পর আবার আবৃত্তি করার দুঃসাহস হল :p । সাউন্ড কোয়ালিটি যদিও খুবই পচা :( অমলকান্তি.wma H...

দোতলার ল্যান্ডিং

মুখোমুখি ফ্ল্যাট একজন সিঁড়িতে, অন্যজন দরজায় আপনারা যাচ্ছেন বুঝি ? চলে যাচ্ছি, মালপত্র উঠে গেছে সব । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার ডাক নাম শানু, ভালো নাম ? শাহানা, আপনার ? মাহবুব । জানি । মাহবুব হোসেন । আপনি খুব ভালো সেলাই জানেন । কে বলেছে । আপনার তো অনার্স ফাইন্যাল, তাই নয় ? এবার ফাইন্যাল । ফিজিক্স-এ অনার্স । কী আশ্চর্য ! আপনি কেন ছাড়লেন হঠাৎ ? মা চান না । মানে ছেলেদের সঙ্গে বসে... সে যাক গে, পা সেরেছে ? কী করে জানলেন ? এই আর কি ! সেরে গেছে ? ও কিছুনা , প্যাসাজটা পিছলে ছিল মানে... সত্যি নয় । উচুঁ থেকে পড়ে গিয়ে... ধ্যাৎ । খাবার টেবিলে রোজ মাকে অতো জ্বালানো কি ভালো ? মা বলেছে ? শুনতে পাই । বছর দুয়েক হল, তাই নয় ? তারো বেশী । আপনার টবের গাছে ফুল এসেছে ? নেবেন ? না থাক । রিকসা এল, মা এলেন , যাই । আপনি সন্ধ্যে বেলা ওভাবে কখনও পড়বেন না, চোখ যাবে, যাই । হলুদ শার্টের মাঝখানে বোতাম নেই, লাগিয়ে নেবেন, যাই । যান, আপনার মা আসছেন । মা ডাকছেন, যাই । -আহসান হাবীব দোতলার ল্যান্ডিং ম...

প্রিয় কবির দু'টি প্রিয় কবিতা

যা চেয়েছি, যা পাবো না - কী চাও আমার কাছে ? - কিছু তো চাইনি আমি ! - চাওনি তা ঠিক । তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ? - জানি না । ওদিকে দ্যাখো … রোদ্দুরে রুপোর মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চর্তুদিকে তোমাকেই দেখা। - সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ? - মনে হয় তুমি দেবী - আমি দেবী নই । - তুমি তো জানো না তুমি কে ! - কে আমি ! - তুমি সরস্বতী শব্দটির মূল অর্থে যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে ডাকি - হাসি পায় শুনে যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয় ? - অনেকটা ঠিক । যখন যা মনে আসে… কেন মনে আসে ? - কী চাও, বলো তো সত্যি ? কথা ঘুরিয়ো না - আশীর্বাদ ! - আশীর্বাদ ! আমার, না সত্যি যিনি দেবী - তুমিই তো সেই ! টেবিলের ঐ পাশে ফিকে লাল শাড়ি আঙ্গুলে ছোঁয়ানো থুতনি, উঠে এসো আশীর্বাদ দাও, মাথার ওপরে রাখো হাত আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো খামচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও - যথেষ্ট পাগল আছো ! আরও হতে চাও বুঝি ? - তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট - না দেখাই ভালো তবে ! তাই নয় ? - ভালো মন্দ জেনে শুনে যদি এ-জীবন কাটা...